জেলার পটিয়া উপজেলায় পরিবহণ শ্রমিক কল্যাণ সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের চার সদস্যসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে পটিয়া পৌর সদর বাস স্টেশন এলাকায় নির্বাচন চলার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনায় জড়িত অভিযোগে আটজনকে আটক করেছে পুলিশ। সংঘর্ষের সময় মোহম্মদ মোহসিন নামে উপজেলার কচুয়াই এলাকার এক টেম্পো শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়েত উল্লাহ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
