কুষ্টিয়ার মিরপুরে ট্রাক ও ট্রেনের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। গতকাল রবিবার বিকেলে উপজেলার হালসা রেলওয়ে ষ্টেশন সংলগ্ন এলাকায় রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ ট্রেনের সঙ্গে বালি বোঝাই একটি ট্রাকের (কুষ্টিয়া-ট-১১-০৯০৭) সংঘর্ষ হয়। এ ঘটনায় ৪জন আহত হয়েছে।
আহতরা হলেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কালীদাসপুর গ্রামের গঞ্জের আলীর ছেলে মাইনুদ্দিন (৬০), জীবননগর উপজেলার উথলি গ্রামের তোফাজ্জেল হোসেনের মেয়ে রাহি খাতুন (৪৫), খুলনার আব্দুল জলিলের ছেলে রেলওয়ের খালাসি ইলিয়াস (৫০), মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের নতুন সুতাইল গ্রামের কফিল উদ্দিনের ছেলে নূরুল ইসলাম (৬৫)।
পরে স্থানীয়রা আহত মাইনুদ্দিন, রাহি খাতুনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং ইলিয়াস ও নূরুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়। পোড়াদহ রেলওয়ে থানার ওসি এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ দূর্ঘটনায় ৪জন ট্রেনযাত্রী আহত হয়েছে। ট্রেনের দূর্ঘটনা কবলিত বগিকে (জ-৫৫১৬) ট্রেন থেকে বিচ্ছিন্ন করে দেয়া হয়। দুর্ঘটনার প্রায় ১ ঘন্টা পর ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।
