শ্রীপুরে টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ড

আপডেট : ৩১ মে ২০১৫, ২৩:৫৭

শ্রীপুর উপজেলার মাস্টারবাড়ী এলাকার ডিগনিটি টেক্সটাইল মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।  রবিবার দুপুর দেড়টার দিকে ঐ কারখানায় আগুন লাগে। আগুনে ভবনের কয়েকটি তলা পুড়ে গেছে। ভস্মীভূত হয়েছে বিপুল পরিমাণ কাঁচামাল। আগুন নেভাতে শ্রীপুর, টঙ্গী, জয়দেবপুর ও ময়মনসিংহের ভালুকা ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। এছাড়া নগদ তিন কোটি টাকা পুড়ে গেছে বলে কারখানা কর্তৃপক্ষ দাবি করেছেন

 
স্থানীয় সূত্রে জানা যায়, ডিগনিটি টেক্সটাইলের ছয়তলা ভবনের ৫ তলায় প্রথমে আগুন লাগে। এরপর তা ভবনের ৩য় ও  ৪র্থ তলায় ছড়িয়ে পড়ে। আগুনে কারও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ভবনের লোকজন বাইরে চলে আসায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে মনে করা হচ্ছে।
 

টেক্সটাইল মিলটিতে আগুন লাগার পর প্রথমে কারখানার শ্রমিক ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে চলে এসে আগুন নেভানোর কাজে অংশগ্রহণ করে।  অগ্নিকান্ডের কারণ তাত্ক্ষনিকভাবে জানা যায়নি। তবে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।