ইংল্যান্ডের লিডসে একটি বাংলাদেশি কমিউনিটি সেন্টারে বাংলাদেশের দুগ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। শনিবার এই ঘটনায় পুলিশ ১৩ জনকে গ্রেফতার করেছে।
টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, কমিউনিটি সেন্টার পরিচালনার নেতৃত্ব নিয়ে এ সংঘর্ষ হয়।
এই ঘটনার একটি ভিডিওচিত্র ইউটিউবে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, চেয়ার তুলে ও লাঠি নিয়ে এক পক্ষ আরেক পক্ষের দিকে তেড়ে যাচ্ছে। পুলিশ ও কম্যুনিটি সাপোর্ট অফিসারদের দেখা গেছে সংঘর্ষ থামানোর চেষ্টা চালাতে।
ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশের এক কর্মকর্তা বলেছেন, রাউন্ডহে রোডে ওই কমিউনিটি সেন্টারে মারামারির ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আহত ছয়জন চিকিত্সা নিয়েছেন। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।
খবর টেলিগ্রাফের।
