এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় ছাত্র ও অভিভাবকরা মিলে বিদ্যালয় ভাংচুর করেছে। রবিবার বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
জানা যায়, রাজগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ২০১৫ সালে এসএসসি পরীক্ষায় ২২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৪ জন পাস করে। অকৃতকার্য হয় বাকি ১১০ জন শিক্ষাথী। এতে অকৃতকার্য ছাত্র ও তাদের অভিভাবকরা উত্তেজিত হয়ে রবিবার বিকেলে রাজগঞ্জ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের নিকট কৈফিয়ত চাইতে যান। এ সময় তারা প্রধান শিক্ষককে না পেয়ে বিদ্যালয়ের বিভিন্ন কক্ষে ভাংচুর চালায়।
অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষকগণ ক্লাসে নিয়োমিত পড়ালেখা না করিয়ে প্রাইভেট পড়ানোর প্রতি বেশী মনোযোগী ছিল। এ কারণে এসএসসি ফল আশানুরোপ হয় নাই, তাছাড়া ফরম পূরনের সময় বোর্ড কর্তৃক নির্ধারিত চার্জ থেকে কয়েকগুন বেশি অর্থ আদায় করে থাকে।
এ ব্যপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষককের সাথে যোগাযোগ করলে তিনি পরীক্ষায় খারাপ ফলাফলের কথা স্বীকার করে জানান, বহিরাগত ও কিছু অকৃতকার্য ছাত্র আমাকে অপদস্ত করার জন্য এসে না পেয়ে বিদ্যালয়ে ভাংচুর করে। এ ব্যাপারে ভাংচুরে অংশ নেয়া ১০/১২জনকে আসামি করে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
