মোদীর সফরে তিস্তাচুক্তির বাস্তবায়ন চায় বিএনপি

আপডেট : ০১ জুন ২০১৫, ১৬:৪০
 
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ঢাকা সফরে তিস্তাচুক্তি সই হবে বলে আশাবাদ ব্যক্ত করছে বিএনপি। আর না এর বিরুদ্ধে কথা বলবে দলটি। সোমবার দুপুরে এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান এসব কথা বলেন।
 
বিএনপি নেতা নোমান বলেন, ঢাকায় নরেন্দ্র মোদী আসছেন। আমরা আশা করব, এবার তিস্তার পানি বণ্টন চুক্তি হবে। দেশের সুশীল সমাজও ভারতের প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে যেভাবে আশাবাদ করেছে তার প্রতিফলন হোক আমরা চাই। এটা হলে আমার অভিনন্দন জানাব। না হলে এর বিরুদ্ধে কথা বলব।
 
এর আগে রবিবার ভারতের রাজধানী দিল্লিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, মোদীর ঢাকা সফরে তিস্তা চুক্তি হচ্ছে না।
 
নোমান বলেন, অনেক গণমাধ্যম বলছে, বিএনপি হঠাত্ ভারতমুখী হয়ে পড়েছে। বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল। তিস্তার পানি চাইলে, বা ট্রানজিট, বাণিজ্য চুক্তির ন্যায্যতা নিয়ে কথা বললে তা যদি ভারত বিরোধিতা হয় বিএনপির কিছু করার নেই।
 
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দল জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে।