সর্বহারা পরিচয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিন শিক্ষককে একই নম্বর (০১৭২৫-৬৬৪৯৭২) থেকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় নগরীর মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তারা।
শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. জুলফিকার আলী ইসলামের ব্যক্তিগত নম্বরে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি একই বিভাগের সহযোগী অধ্যাপক ও সৈয়দ আমীর আলী হলের প্রাধ্যক্ষ ড. আমিনুল ইসলাম এবং দর্শন বিভাগের অধ্যাপক মোতাছিম বিল্যাহ একইভাবে হত্যার হুমকি প্রাপ্ত হন।
জিডিতে তারা উল্লেখ করেন, ‘সর্বহারা পরিচয়ে তাদের ব্যক্তিগত নম্বরে ফোন করে হত্যার হুমকি দেয় অজ্ঞাতনামা এক ব্যক্তি। ওই ব্যক্তির ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭২৫৬৬৪৯৭২।’
এ ঘটনায় তারা জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে জিডিতে উল্লেখ করেন। মোতাছিম বিল্যাহ ২৮ ফেব্রুয়ারি রাতে, আমিনুল ইসলাম ১ মার্চ সকালে এবং জুলফিকার আলী ২ মার্চ দুপুরে থানায় জিডি করেন।
সমাজ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. জুলফিকার আলী জানান, ‘শনিবার সন্ধ্যা ৭টার দিকে একটি নম্বর (০১৭২৫৬৬৪৯৭২) থেকে এক ব্যক্তি ফোন করে স্বপন কুমার পরিচয় দিয়ে নিজেকে সর্বহারা দলের সদস্য দাবি করে। আমি তাদের টার্গেটে আছি জানিয়ে সমঝোতা করতে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে সে। পরে ০১৮৪৫৯৪০৭৭৬ নম্বর থেকে ফোন করে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করতে বলে। টাকা না দিলে আমাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়।’
সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমিনুল ইসলাম জানান, ‘২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৫২মিনিটে ওই নম্বর থেকে ফোন দিয়ে বলা হয় আমাকে অপহরণ করে হত্যা করা হবে। আমি দীর্ঘদিন ধরে তাদের টার্গেটে আছি। তারা সমঝোতা করতে আমার কাছে অর্থ দাবি করে। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে হত্যার হুমকি দেয়া হয়। এর আগেও ২০১৫ সালে আমাকে একইভাবে হত্যার হুমকি দেওয়া হয়।’
দর্শন বিভাগের অধ্যাপক মুতাসিম বিল্যাহ জানান, ‘২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ৬ মিনিটে এক ব্যক্তি ফোন দিয়ে নিজেকে সর্বহারা কমান্ডার মহিউদ্দিন বলে পরিচয় দেয়। আমি তাদের টার্গেটে আছি জানিয়ে সমঝোতা করতে অর্থ দাবি করে। অর্থ দিতে পারবো না বললে, আমাকে দেখে নেওয়া হবে এবং অপহরণ করে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেয় ওই ব্যক্তি। তবে পুলিশকে বিষয়টি জানিয়েছি।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসাইন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে সর্বহারা পরিচয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জেনেছি। তারা থানায় জিডি করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’
আরও পড়ুনঃ শরণখোলায় 'নৌকা' প্রতীক পাওয়ায় কামালউদ্দিনের আনন্দর্যালি
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘শিক্ষকরা লিখিত অভিযোগ দিলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা নিবে। তাদের নিরাপত্তার প্রয়োজন হলে পদক্ষেপ নেওয়া হবে।’
ইত্তেফাক/নূহু
