বাইসাইকেল আমদানি: বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার দুই দিনের রিমান্ডে

আপডেট : ০১ জুন ২০১৫, ১৯:১৩
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাইসাইকেল আমদানিতে শুল্ক ফাঁকির মামলায় স্থলবন্দরের ম্যানেজার কাজী আল তারিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
 
সোমবার দুপুরে পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে কাজী আল তারিক জামিন আবেদন করেন। এর বিরোধিতা করে মামলার তদন্তকারী কর্মকর্তা বিজিবির আইন পরিদর্শক রওশন মোস্তফা তার বিরুদ্ধে আদালতে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৃষ্ণ কান্ত রায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
উল্লেখ্য, গত ১৯ মে মঙ্গলবার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে দুই হাজার ৪০০ পিস ভারতীয় বাইসাইকেল আনা হয়। বিজিবি সদস্যরা চেকপোস্ট বসিয়ে ৪৮০ পিস বাইসাইকেলের বৈধ কাগজ পাওয়া পায়। বাকি প্রায় দুই হাজার সাইকেলের কোন নথিপত্র পায় না। যেখানে প্রায় ৫৭ হাজার টাকার আমদানি শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে।
 
এ ঘটনায় পরদিন বিজিবির সুবেদার মো. আবুল কালাম বাদী হয়ে স্থলবন্দরের ওই ম্যানেজারসহ ১৪ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।