৪ জুন জাতীয় বাজেট ঘোষণা

আপডেট : ০১ জুন ২০১৫, ২০:১৫
 
 
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ৪ জুন বিকেল ৩ টায় ২০১৫-১৬ অর্থবছরের মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় এবং ব্যক্তিগত নবম বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করবেন। একাধারে সাত বার বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী।
 
সোমবার অর্থমন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এবারও ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট উপস্থাপন করা হবে। ঐ দিন বাজেট বক্তৃতা; সম্পূরক আর্থিক বিবৃতি; প্রজাতন্ত্রের সরকারি হিসাব; সংযুক্ত তহবিল-প্রাপ্তি; মঞ্জুরি ও বরাদ্দের দাবিসমূহ (অনুন্নয়ন ও উন্নয়ন); মঞ্জুরি ও বরাদ্দ দাবীসমূহ (উন্নয়ন); নারী উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় চল্লিশটি মন্ত্রণালয়ের কার্যক্রম; শিশুদের নিয়ে বাজেট ভাবনা, মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতি; মধ্যমেয়াদি বাজেট কাঠামো; বার্ষিক আর্থিক বিবৃতি; বাজেটের সংক্ষিপ্তসার; বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৫ এবং ডিজিটাল বাংলাদেশের পথে অগ্রযাত্রাঃ হালচিত্র ২০১৫ ওয়েবসাইটে প্রকাশসহ জাতীয় সংসদ হতে সরবরাহ করা হবে। একই সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রণীত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের কার্যাবলী- ২০১৪-১৫ জাতীয় সংসদে পেশ করা হবে।
 
বাজেটকে আরো অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অর্থ বিভাগের ওয়েবসাইট www.mof.gov.bd -এ বাজেটের সকল তথ্যাদি ও গুরুত্বপূর্ণ দলিল যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান পাঠ ও ডাউনলোড করতে পারবেন এবং দেশ বা বিদেশ থেকে সেই ওয়েবসাইটের মাধ্যমে ফিডব্যাক ফরম পূরণ করে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ প্রেরণ করা যাবে।