গাজীপুরে পুলিশের ওপর ককটেল হামলা-গুলি, ওসিসহ আহত ৪

আপডেট : ০২ জুন ২০১৫, ১৮:১১
গাজীপুরের টঙ্গী উপজেলায় হত্যা মামলার আসামি ধরার সময় পুলিশের ওপর ককটেল হামলা ও গুলি বর্ষণ করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় টঙ্গী থানার ইন্সপেক্টরসহ (তদন্ত) চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশ পাল্টা গুলি করলে গুলিবিদ্ধ হন হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি জামাল। তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 
 
টঙ্গী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আমিনুল ইসলাম জানান, দুটি হত্যাসহ একাধিক মামলার আসামি জামাল কয়েকদিন আগে গ্রেফতারের পর হাতকড়াসহ পালিয়ে যায়। মঙ্গলবার দুপুরে পুলিশ টঙ্গীর এরশাদ নগরের ৫নং ব্লকের একটি বাড়িতে অভিযান চালিয়ে জামালসহ তার সহযোগীদের গ্রেফতার করে। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও ককটেল নিক্ষেপ করে। এতে টঙ্গী থানার ওসি তদন্ত আমিনুল ইসলামসহ চার পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে জামাল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং অপর সহযোগিরা দৌঁড়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার, কার্তুজ ও তিনটি চাপাতি উদ্ধার করে।