ব্ল্যাটারের পর এবার প্লাতিনি!

আপডেট : ০৩ জুন ২০১৫, ১১:০৭
 
আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) প্রধান সেপ ব্ল্যাটার সরে দাঁড়ানোর পর এখন বড় প্রশ্ন কে হচ্ছেন ফিফার পরবর্তী প্রেসিডেন্ট। বিশ্লেষকরা মনে করছেন ফিফার সম্ভাব্য প্রেসিডেন্ট হিসেবে এখন সবচেয়ে বড় নাম হলো মিশেল প্লাতিনি। যদিও ফিফা কংগ্রেসের বিশেষ অধিবেশন ডেকে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে কিছুটা সময় নেবে।
 
ইউরোপীয় ফুটবলের বর্তমান প্রধান মিশেল প্লাতিনি ফিফা প্রশাসনে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এমনকি পঞ্চম দফায় ব্ল্যাটার নির্বাচিত হওয়ার পর প্রকাশ্যেই ইউরোপীয় ফুটবলের অনেকে তার বিরুদ্ধে উষ্মা প্রকাশ করে বক্তব্য দিয়েছেন।
 
বিবিসির সাবেক ক্রীড়া সম্পাদক মিহির বোস মনে করেন, ব্ল্যাটার পরবর্তী ফিফা প্রশাসনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদটির জন্য বড় নাম মিশেল প্লাতিনি। বিবিসি বাংলার বুধবার সকালের অধিবেশনে দেয়া এক সাক্ষাৎকারে মিহির বোস বলেন, ‘আর কোনো নাম বলা মুশকিল। এশিয়া আফ্রিকা থেকে আসতে পারে। কিন্তু বড় নাম হবে প্লাতিনি।’
 
তিনি বলেন, ফুটবল বিশ্ব এখন দু’ভাগ হয়ে গেছে। কেউ কেউ বলবে ব্ল্যাটার তাদের ফুটবলের জন্য অনেক সহায়তা করেছেন। তাই এখন যে-ই প্রেসিডেন্ট হবেন তাকে এটাকে এক করতে হবে।
খবর বিবিসি বাংলা অনলাইনের।