বরাতের রাতে যশোরে কিশোর খুন, আহত ২

আপডেট : ০৩ জুন ২০১৫, ১৬:৫৭
 
পবিত্র শবে বরাতে যশোরে ছুরিকাঘাতে সদ্য এসএসসি পাস করা রায়হান হোসেন (১৬) নামে এক কিশোর নিহত ও তার দুই বন্ধু আহত হয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিকে শহরের কারবালা কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে।
 
নিহত রায়হান শহরের খালধার রোড এলাকার গোলাম রাব্বানির ছেলে। সে এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আহত দু’জন হলো, শহরের মোল্লাপাড়া এলাকার লিটন হোসেনের ছেলে অমিত (১৭) ও ঘোপ সেন্ট্রাল রোড এলাকার মনিরুজ্জামানের ছেলে টিটো সুলতান (১৮)। পূর্বশত্রুতার জের ধরে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
 
পুলিশ ও স্থানীয় সূত্র মতে, শবে বরাতের রাতে কারবালা কবরস্থান মসজিদের সামনে ৩-৪ জনকে ধস্তাধস্তি করতে দেখে আশপাশের লোকজন তাদের থামান। এ সময় তিনজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পথে রায়হানের মৃত্যু হয়। অপর দুইজনকে হাসপাতালে ভর্তি করলে কতর্ব্যরত চিকিত্সক সাঈদ সিদ্দিকি উন্নত চিকিত্সার জন্য অমিতকে ঢাকায় রেফার্ড করেন। রাত দেড়টায় তাকে ঢাকায় নিয়ে যান স্বজনেরা।
 

যশোর কোতোয়ালি থানার ওসি সিকদার আক্কাস আলী বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। জড়িতদের আটকে অভিযান চালানো হচ্ছে।