জিডিপির আকার ১৫ লাখ ১৩ হাজার ৬০০ কোটি টাকা

আপডেট : ০৩ জুন ২০১৫, ১৭:১৯
            
 
 
চলতি অর্থবছরে (২০১৪-১৫) চলতি মূল্যে বাংলাদেশের জিডিপির পরিমাণ ১৫ লাখ ১৩ হাজার ৬০০ কোটি টাকায় উন্নীত হয়েছে। জিডিপি বিশ্লেষণে দেখা যায়—বিনিয়োগ-সঞ্চয় ব্যবধান এখন কমে এসেছে। কিন্তু সরকারি বিনিয়োগ খুব একটা বাড়েনি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বাংলাদেশের জিডিপি নিয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি একটা নির্দিষ্ট ফাঁদে আটকে আছে—এ বক্ত্যব্যের সাথে দ্বিমত পোষণ করেছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
 
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ষষ্ঠ পঞ্চ বার্ষিক পরিকল্পনা আমরা বাস্তবায়ন করতে পারিনি—এ কথাটা ঠিক নয়। আমরা যখন লক্ষ্যমাত্রা নির্ধারণ করি, তখন একটু বেশি করেই মাত্রা নির্ধারণ করি, কেননা আমরা মনে করি—এর কাছাকাছি যাওয়াটাই কৃতিত্বের ।
 
মন্ত্রী বলেন—বিশ্ব অর্থনৈতিক মন্দার মাঝেও এ অর্জনকে ‘ফাঁদে আটকে আছে’ এ তকমা দেয়া আমি মনে করি ঠিক নয়।
 
মোড়ক উম্মোচন অনুষ্ঠানে পরিসংখ্যান ব্যুরোর পক্ষ থেকে জানানো হয়—ত্রৈমাসিক ভিত্তিতে জিডিপি প্রবৃদ্ধি হার প্রকাশ করতে হলে অন্যান্য গৌণ তথ্য-উপাত্তও ত্রৈমাসিক হতে হবে। এখন পর্যন্ত কৃষি খাতের তথ্যই কেবল ত্রৈমাসিক ভিত্তিতে পাওয়া যায়। কিন্তু সেবা ও শিল্পে ত্রৈমাসিক ভিত্তিতে পাওয়া যায় না।
 
‘বাংলাদেশ ন্যাশনাল একউন্টস স্ট্যটিস্টিক্স: সোর্স অ্যান্ড মেথডস’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা, পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম, বিবিএস মহাপরিচালক মোহাম্মদ আবদুল ওয়াজেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।