চলতি ২০১৪-১৫ অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) রেমিট্যান্সের প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ২০ শতাংশ। একইভাবে গত মে মাসে গত বছরের একই মাস এবং চলতি বছরের এপ্রিল মাসের তুলনায়ও বেড়েছে রেমিট্যান্সের পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এ সব তথ্য পাওয়া গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়—চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে দেশে এক হাজার ৩৮৭ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল এক হাজার ২৯৪ কোটি ১৬ লাখ ডলার। একক মাস হিসেবে গত মে মাসে দেশে ১৩১ কোটি ৮৯ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স এসেছে। আগের মাস এপ্রিলে এ পরিমাণ ছিল ১২৯ কোটি ৭৫ লাখ ডলার। সে হিসাবে আগের মাসের তুলনায় দুই কোটি ১৪ লাখ ডলার বা এক দশমিক ৬৫ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে। আর আগের বছরের মে মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ছিল ১২১ কোটি ৫৮ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় ১০ কোটি ৩১ লাখ ডলার বা আট দশমিক ৪৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
প্রতিবেদনে দেখা যায়—মে মাসে রাষ্ট্রীয় মালিকানার বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪১ কোটি ৫৯ লাখ ডলার। আগের মাসে এ পরিমাণ ছিল ৪০ কোটি ৪৬ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এক কোটি ৬৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছে এপ্রিল মাসে। আর এপ্রিলে এ সব ব্যাংকের মাধ্যমে এসেছিল এক কোটি ৬৭ লাখ ডলার। মে মাসে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৭ কোটি পাঁচ লাখ ডলার যা মার্চে ছিল ৮৫ কোটি ৬৫ লাখ ডলার।
এ ছাড়া মে মাসে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল এক কোটি ৬০ লাখ ডলার। আগের মাসে দুই লাখ ডলার কম রেমিট্যান্স এসেছিল এ সব ব্যাংকের মাধ্যমে।
