ফরিদপুর সদর উপজেলার গঙ্গাবর্দী এলাকা থেকে ৩০ লাখ টাকা ছিনতাই হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাইকৃত স্থানীয় অর্থ আলতুখান জুট মিলের শ্রমিকদের বেতন বলে জানা গেছে।
মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন জানান, মিলে কর্মরত চুক্তিভিত্তিক শ্রমিকদের সাপ্তাহিক মজুরি পরিশোধের জন্য বৃহস্পতিবার ফরিদপুর ন্যাশনাল ব্যাংক ও প্রাইম ব্যাংক থেকে মোট ৩০ লাখ টাকা উত্তোলন করা হয়। মিলের হিসাব বিভাগের কর্মী নুর ইসলাম ও ক্রয় বিভাগের কর্মী মো. জাফর হোসেন একটি মাইক্রোবাসে করে টাকাগুলো ফরিদপুর থেকে মিলে নিয়ে আসার পথে ঢাকা-খুলনা মহাসড়কের গঙ্গাবর্দী এলাকায় একদল দুর্বৃত্ত মাইক্রোবাসটির গতিরোধ করে। গাড়িতে থাকা টাকাসহ ওই দুই কর্মী ও চালককে দুর্বৃত্তদের নিজ গাড়িতে তুলে নেয়। পরে টাকা রেখে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার কাছে তিনজনকে নামিয়ে দেয় দুর্বৃত্তরা।
মিলের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. নিজাম উদ্দিন মোল্লা জানান, এ ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসিনুল হক বলেন, ‘ঘটনাটি শুনেছি তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি।’
