কেশবপুরে তিন পাচারকারী আটক, শিশু-নারীসহ উদ্ধার ২৩

আপডেট : ০৪ জুন ২০১৫, ১৬:২৮
যশোরের কেশবপুর উপজেলায় তিন পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।  এ সময় উদ্ধার হয়েছে নারী-শিশুসহ ২৩ জন।  বৃহস্পতিবার উপজেলার সাহাপাড়ার একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, বাগেরহাটের মোড়েলগঞ্জেরবাড়ইখালি গ্রামের আব্দুর রশিদ, একই উপজেলার চালিতা বুনিয়া গ্রামের মো. অলি এবং যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামের মনিরুজ্জামান। 
 
পুলিশ জানায়, ভালো চাকরির প্রলোভন দেখিয়ে তাদের পাচারের জন্য ওই বাড়িতে জড়ো করা হয়েছিল। কিন্তু পাচারের আগেই পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। তবে আশ্রয়দাতা বাড়ির মালিক সঞ্জীব পালিয়ে গেছেন। 
 
কেশবপুর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, পাচারের উদ্দেশ্যে জড়ো করা ২৩ জনকে যশোর, পিরোজপুর, খুলনা ও বাগেরহাট থেকে আনা হয়েছিল। তাদের সাতক্ষীরার ভোমরা সীমান্ত পথে পাচার করার কথা ছিল। পলাতক বাড়িওয়ালা সঞ্জীবকে আসামি করে মানবপাচার অপরাধের বিশেষ আইনে মামলা হবে।