কোম্পানিগুলোর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে শেয়ারবাজারে নিবন্ধিত কোম্পানির করপোরেট করে কিছুটা ছাড় দেয়া হয়েছে। শেয়ারবাজারে নিবন্ধিত কোম্পানির করহার বিদ্যমান সাড়ে ২৭ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে। অন্য দিকে, শেয়ারবাজারে তালিকার্ভুক্ত ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের (মার্চেন্ট ব্যাংক ছাড়া) করহারও সাড়ে ৪২ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশ করা হয়েছে। অবশ্য শেয়ারবাজারে নিবন্ধিত সিগারেট কোম্পানির কর ৫ শতাংশ বাড়িয়ে অন্য সিগারেট কোম্পানির কোম্পানির ন্যায় ৪৫ শতাংশ করা হয়েছে।
বর্তমানে যেকোনো কোম্পানির লাভ-ক্ষতি যা-ই হোক না কেন, তাকে দশমিক ৩০ শতাংশ হারে টার্নওভার (মোট আয়) কর দিতে হয়। এতে কিছুটা পরিবর্তন এনে উত্পাদনে নিয়োজিত নতুন করদাতার ক্ষেত্রে প্রথম তিন বছর এ করের হার দশমিক ১০ শতাংশ করার প্রস্তাব দেয়া হয়েছে।
দেশে বিনিয়োগ বাড়ানোর জন্য কোম্পানির করপোরেট করহার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ীরা। প্রতিবেশী দেশগুলোর করপোরেট করহারের তুলনামূলক চিত্র তুলে ধরে তারা। বিষয়টি উপলব্ধি করে গত বছরের বাজেটের ন্যায় এবারো করপোরেট করহার কমানো হলো।
সরকারের প্রাপ্ত আয়করের বড় অংশই আসে করপোরেট কর খাত থেকে।
