পেট্রোল বোমা হামলায় চান্দিনায় ৭ জন আটক

আপডেট : ০৫ জুন ২০১৫, ০১:০০

কুমিল্লার চান্দিনায় পেট্রোল বোমা হামলার ঘটনার সাথে জড়িত সন্দেহে যৌথ অভিযানে জামায়াত ইসলামীর উপজেলা আমীরসহ সাত নেতা-কর্মীকে আটক করা হয়েছে। বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত চান্দিনা ও দেবিদ্বার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 
আটক ব্যক্তিরা হলেন জামায়াত ইসলামীর চান্দিনা উপজেলা আমীর মাও. আবুল বাসার (৬০), বরকামতা ইউনিয়ন জামায়াত সভাপতি মাও রফিকুল ইসলাম (৪৩), মহিব উল্লাহ (৫২), ওবায়েদ উল্লাহ (৪৭), ফারুক হোসেন (২৫), রাজ্জাক হোসেন (৩৫) ও নয়ন (৩৫)।
 
থানার অফিসার ইন-চার্জ (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, পেট্রোল বোমা হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় ১৪ জনের নাম প্রকাশসহ অজ্ঞাতনামা আরো ২০ জনকে আসামি করে মামলা করেছে। বুধবার রাতে যৌথ অভিযানে মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে সাতজনকে আটক করা হয়েছে।  দায় স্বীকার করলো জামায়াত কর্মী আব্দুর রাজ্জাক
 
কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলার দায় স্বীকার করেছে জামায়াত কর্মী আব্দুর রাজ্জাক। গতকাল বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার বিচারক সাজ্জাত হোসেন এর ৭নং আমলী আদাতলে ১৬৪ ধারায় হামলার ঘটনার অকপটে স্বীকার করেছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) সাজেদুল ইসলাম।
 

তদন্ত কর্মকর্তা আরও জানান, তার স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে ঘটনার সাথে জড়িত আরও ৭/৮ জনের নাম উল্লেখসহ অপরিচিত ৪/৫ জন আসামির সম্পৃক্ততার কথা স্বীকার করেন। আব্দুর রাজ্জাক নোয়াখালী জেলার সুধারামপুর উপজেলার জামায়াতের সুরা সদস্য। সে গা ঢাকা দিয়ে দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর বাজারে আব্দুল আলীম এর মুদি দোকানে কর্মচারী চাকুরী নেয়। মঙ্গলবার রাতে বাসে বোমা হামলার ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করার পর বৃহস্পতিবার সে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়।