অভিশপ্ত গ্রাম!

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৯:৩৫

গত ৪শ’ বছরে কোনো সন্তান জন্ম নেয়নি ভারতের মধ্যপ্রদেশের একটি গ্রামে। বিষয়টি অবাক করা হলেও সত্য!  ভারতীয় এক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে শঙ্কা শ্যাম জি নামের এই গ্রামটির অবস্থান। গ্রামবাসীদের ধারণা, তাদের ওপর এমন কোনো অভিশাপ রয়েছে, যার কারণে সেখানকার কোনো নারী সন্তান জন্ম দেন না। গত ৪শ’ বছর ধরে তাদের মনে বিশ্বাস, গ্রামে কোনো নারী যদি শিশু জন্ম দেন, তবে দু’জনেরই মৃত্যু ঘটবে। যদি তা নাও ঘটে, তবে সেই শিশুর কোনো অঙ্গহানি ঘটবে।

এমন বিশ্বাসের কারণে গ্রামটিতে থাকা নারীরা সহজে সন্তান নিতে চান না। কোনো নারী যদি গর্ভবতী হন, তবে গ্রামের বাইরে গিয়ে সন্তান জন্ম দেন। কিন্তু গ্রামে কখনোই নয়! প্রতিটি পরিবারই অলিখিত আইন হিসেবে নিয়মটি মেনে থাকে। এভাবেই গ্রামটিতে গত ৪শ’ বছরে কোনো শিশু জন্মগ্রহণ করেনি। সংবাদমাধ্যমকে এই ব্যাপারে গ্রামের প্রধান নরেন্দ্র গুর্জা জানান, গ্রামের অধিকাংশ নারীই বাইরের হাসপাতালে গিয়ে সন্তান জন্ম দেন। জরুরি অবস্থায় গ্রামের বাইরে একটি ঘর রয়েছে সেখানে গর্ভবতীকে নিয়ে যাওয়া হয়। বর্ষা কিংবা প্রাকৃতিক দুর্যোগেও সেই ঘরে নারীরা সন্তান জন্ম দেন।

গ্রামের বয়স্কদের তথ্য হচ্ছে, ষোড়শ শতাব্দিতে এক নারী গ্রামে মন্দির নির্মাণ কাজে বাঁধা দিয়েছিল। গ্রামে যখন মন্দির নির্মাণ করা হচ্ছিল, সেখানকার এক নারী সেই সময় গম ভাঙছিলেন। সেই আওয়াজ মন্দির নির্মাণের কাজে বিঘ্ন ঘটায়। এমন ঘটনায় দেবতা ক্ষুব্ধ হয়ে গ্রামের মানুষের ওপর অভিশাপ দেন। সেই অভিশাপটি হচ্ছে, গ্রামের কোনো নারী সেখানে সন্তান জন্ম দিতে পারবেন না।