ধামরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে সেনা সদস্যসহ নিহত ৪

আপডেট : ০৫ জুন ২০১৫, ১৬:০০


ঢাকার ধামরাই উপজেলায় বাস-ট্রাক সংঘর্ষে এক সেনা সদস্যসহ চারজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার পাচরক্ষী গ্রামের আতিয়ার রহমানের ছেলে সেনা সদস্য শহিদুল ইসলাম (৩৫), নোয়াখালীর শ্যামবাগ থানার বিশবাগ গ্রামের ভুলু মিয়ার ছেলে ওবাইদুল ইসলাম (৪০) এবং সাতক্ষীরার কালিগঞ্জ থানার রতনপুর গ্রামের নিজামগাজীর ছেলে সামছুল ইসলাম (৩০)।

নিহতদের মধ্যে আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিহত সেনা সদস্য শহিদুল চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত ছিলেন। ছুটিতে তিনি সাতক্ষীরায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।

দুর্ঘটনায় তার মৃত্যুর খবর পেয়ে সাভার সেনানিবাসের কর্মকর্তারা শুক্রবার সকালে থানা থেকে তার লাশ নিয়ে গেছেন।

আহতদের ধামরাই সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় সাতক্ষীরাগামী সৌদিয়া পরিবহনের ওই বাস বিপরীতমুখী একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সেনা সদস্যসহ বাসের ওই চার যাত্রী নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ধামরাই থানার এএসআই আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।