মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কালাপুর ইউনিয়নের সিরাজনগর এলাকায় শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে এ হতাহতের ঘটে।
নিহতরা হলেন- শ্রীমঙ্গল শহরের শাপলাবাগ এলাকার বাসিন্দা রাজু বণিক (৪০) ও তার ভায়রা সবুজ বণিক (৩৫) এবং কারের চালক আরিফ (৩০)।
রাজু শ্রীমঙ্গল উপজেলা সদরের নতুন বাজারের ‘রাজু জুয়েলার্স’র মালিক।
আহতরা শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শ্রীমঙ্গল থানার এসআই গিয়াস উদ্দিন জানান, রাজু তার ভায়রা সবুজ ও কয়েকজন আত্মীয়কে নিয়ে সিলেটে হযরত শাহজালালের (রা.) মাজার ঘুরে ওই গাড়িতে করে শ্রীমঙ্গলে ফিরছিলেন।
পথে কালাপুর ইউনিয়নের সিরাজনগর এলাকায় গাড়ির ডান দিকের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। রাস্তার পাশে একটি বড় গাছের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে এসএই গিয়াস জানান।
