হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুলে মাইক্রোবাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে হাটিকুমরুল চেয়ারম্যান মাকের্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কামারখন্দ উপজেলার সৈয়দগাঁতী গ্রামের আঃ হামিদের মেয়ে রেহানা খাতুন ইতি (২২) ও সলঙ্গা থানার বড় গোজা গ্রামের নবা ফকিরের মেয়ে চায়না খাতুন (২৬)।
আহতদের মধ্যে একজনকে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই আশরাফুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৯টার দিকে হাটিকুমরুল চেয়ারম্যান মাকের্টের সামনে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নসিমনের দুই যাত্রী নিহত ও অপর পাঁচজন আহত হন। আহতদের মধ্যে দুইজনকে সিরাজগঞ্জ সদর হসপাতাল ও একজনকে আশংকাজনক অবস্থায় বগুড়ায় পাঠানো হয়েছে। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
