জেলার রামগঞ্জে সোহেল নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পূর্ব করপাড়া থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সোহেল চাটখিল উপজেলার সাহাপুর গ্রামের মৃত আবদুল বারেকের ছেলে।
পুলিশ ও নিহতের আত্মীয়-স্বজন জানায়, গত বুধবার দুপুরে নিজ বাড়ি থেকে এক দল সন্ত্রাসী অস্ত্রের মুখে সোহেলকে তুলে নিয়ে যায়। ঐদিন রাতেই সোহেলের মা আলেয়া বেগম বাদী হয়ে চাটখিল থানায় একটি সাধারণ ডায়রি করেন। আজ সকালে স্থানীয় লোকজন তার লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাপাতালের মর্গে পাঠিয়েছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, নিহতের গায়ে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
