জেলার বাঞ্ছারামপুর উপজেলায় ইজারার টাকা আদায়কে কেন্দ্র করে যুবলীগের দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে স্থানীয় সোনারামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিন ও উপজেলা যুবলীগের সহ সম্পাদক ও মরিচাকান্দি লঞ্চ টার্মিনালের ইজারাদার মাহফুজুর রহমান উজ্জলের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ২১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মরিচাকান্দি বাজারে এক যাত্রী লঞ্চ টার্মিনালে ইজারার তিন টাকা দিতে পাঁচ শ টাকার নোট দেয়। এনিয়ে ওই যাত্রীকে শাসায় টার্মিনালের ইজারাদারের লোক হৃদয় মিয়া ও আল আমিন। এ ঘটনায় দুলারামপুর গ্রামের শুক্কুর আলী ও শাহজালাল প্রতিবাদ করেন। এই নিয়ে তাদের মধ্যে বাক্বিতণ্ডা ও হাতাহাতি ঘটনা ঘটে। পরে দুলারামপুর গ্রামে এই খবর ছড়িয়ে পড়লে ওই দুই নেতাসহ অনুগামী লোকলস্কর মরিচাকান্দি বাজারে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ব্যাপক লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ২১ রাউন্ড রাবার-বুলেট ছুড়ে। এ সময় ছয়জন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হন। গুলিবিদ্ধরা হলেন, ইসলাম মিয়া (২৫), দুলাল মিয়া (৪২), ভুট্টু মিয়া (৪৫), বাবুল মিয়া (৪৫), নবী হোসেন (১৮) ও সজীব আহমেদ (১৭)।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব জানান, বর্তমানে মরিচাকান্দি বাজারে পুলিশ মোতায়েন রয়েছে।
