কক্সবাজারে এক ব্যবসায়ীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর ১২টার দিকে কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের আনোয়ারা বাজারে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাক আহমদ (৪০) ওই ইউনিয়নের ঘোনারপাড়া এলাকার নুর আহমদের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, মোস্তাককে চার-পাঁচজন দুর্বৃত্ত মারধর করছে এমন খবর পেয়ে আত্নীয়স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে তাকে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
তারা আরও জানান, কয়েকদিন আগে নিহত মোস্তাক আহমদের সঙ্গে তার মালিকানাধীন দোকান সংক্রান্ত বিষয়ে স্থানীয় কয়েকজন লোকের ঝগড়া বিবাদ হয়। এরপর থেকে তাকে প্রতিনিয়ত হুমকি-ধমকি প্রদর্শন করত ওই দুর্বৃত্তরা। এ বিষয়ে ঘটনার কয়েকদিন আগেও ওই দুর্বৃত্তদের সঙ্গে ঝগড়া-বিবাদ হয়েছে। তারাই মোস্তাককে হত্যা করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম জানান, হত্যার কারণ উদঘাটন ও হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
