‘ছিটমহলবাসী ৬২ বছর পর অধিকার ফিরে পাচ্ছে’

আপডেট : ০৫ জুন ২০১৫, ২১:৫৩
 
 
 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বৃটিশরা ভারত এবং পূর্ব পাকিস্তানের সীমানা নির্ধারণ করে দিয়েছিল। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ইন্দিরা-মুজিব চুক্তির মাধ্যমে ভারত ও বাংলাদেশের সীমানা নির্ধারণ করে তা বাংলাদেশের সংসদে পাস করেন কিন্তু বিষয়টি ভারতের সংসদে পাশ না হওয়ায় তা ঝুলে ছিল। ৪৪ বছর পর বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সীমান্ত চুক্তির বাস্তবায়ন হবার পথে। এতে বাংলাদেশের  মাত্রচিত্রে নতুন করে কয়েক হাজার একর ভূমি যুক্ত হয়েছে এবং ছিটমহলবাসী ৬২ বছর পর তাদের অধিকার ফিরে পেতে যাচ্ছে।’
 
শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এ কথা বলেন।
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণেই আর্ন্তজাতিক আদালতের রায়ে বিশাল সমদ্রসীমা জয় সম্ভব হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বন্ধুপ্রতিম দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের পর বিভিন্ন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ আরো এগিয়ে যাবে।’
 
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় আরো বক্তব্য দেন—জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, কাজিপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম প্রমুখ।