যশোরে থানার ছাদে পুলিশ কর্মকর্তা আত্মহত্যা!

আপডেট : ০৬ জুন ২০১৫, ১২:১২
 
যশোরের মনিরামপুর থানার সহকারী উপ-পরিদর্শক আলী আকবর আত্মহত্যা করেছেন বলে দাবি সংশ্লিষ্ট থানা পুলিশের। শনিবার ভোর পাঁচটায় মনিরামপুর থানার ছাদে উঠে নিজ অস্ত্র দিয়ে মাথায় গুলি চালান তিনি।
 
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান ইত্তেফাককে জানান, ওই এএসআইয়ের প্রথম স্ত্রী তার সন্তানদের নিয়ে খুলনার খালিশপুরে থাকেন। আর ছোট স্ত্রীকে সাথে নিয়ে মনিরামপুরের একটি বাসায় ভাড়া থাকতেন।
 
তিনি আরো জানান, শুক্রবার রাতে তার মোবাইল ডিউটি ছিল। ডিউটি চলাকালে দফায় দফায় তার দুই স্ত্রীর সাথে মোবাইল ফোনে ঝগড়া হয়। ডিউটি শেষে ভোরে এএসআই আলী আকবর থানায় এসে ছাদে উঠে নিজের পিস্তল মাথায় ঠেকিয়ে এক রাউন্ড গুলি করেন। গুলির শব্দ শুনে থানার সহকর্মীরা ছাদে গিয়ে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
 
একটি সূত্র জানিয়েছে, আলী আকবরের ছোট স্ত্রীর সাথে থানার এক পুলিশ কর্মকর্তার পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি তিনি মেনে নিতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন তিনি।
 
এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা খবিরউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে উঠেন এবং এসব বিষয় নিয়ে ‘নাক না গলাবার’ পরামর্শ দেন।
 
এ ব্যাপারে যশোরের এসপি ইত্তেফাককে বলেন, ‘থানার এসব অফিসারদের নিয়ে আমরা বিপদে অছি।’
 
আলী আকবরের বাড়ি নড়াইলের লোহাগড়ার বাসিন্দা।