বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় এক তরুণীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। শনিবার সকালে উপজেলার বিশ্বরোড মোড়ে বাগেরহাট-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ওবায়দুল (২৫) নামে এক যুবকের নাম জানা গেছে। তাৎক্ষণিকভাবে নিহত তরুণীর পরিচয় জানা যায়নি। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, গোপালগঞ্জ থেকে বাগেরহাটগামী বাসটি ফকিরহাট উপজেলা সদরের বিশ্বরোড মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে অন্তত ছয়জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ওই তরুণীকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর ওবায়দুলও মারা যান।
বাগেরহাট মহাসড়ক পুলিশের ওসি মো. আব্দুল মান্নান ফরাজী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
