বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীসহ নিহত ২

আপডেট : ০৬ জুন ২০১৫, ১৫:৩৩
 
বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীসহ দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। শনিবার সকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কের বিশ্বরোড মোড়ে এ হতাহতের ঘটনা ঘটে।
 
নিহত মোনালিসা মুন্না (১৮) ফকিরহাট ফজিলাতুন্নেছা মহিলা ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। সে বাগেরহাটের চিতলমারী উপজেলার পারডুমুরিয়্ গ্রামের সরদার আব্দুল হাকিমের মেয়ে। অন্যজন ওবায়দুল খলিফা (২৫) একই উপজেলার কলিগাতি গ্রামের আবু সাঈদের ছেলে।
 
এদিকে কলেজ ছাত্রী মোনালিসার মৃত্যুর খবর তার সহপাঠী ও শিক্ষকদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা তাঁকে এক নজর দেখার জন্য হাসপাতালে ছুটে যান। এ সময় শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েন।
 
পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করতে গেলে পুলিশ বাধা দেয় এবং শিক্ষার্থী ও শিক্ষকদের লাঞ্ছিত করে। বাধা উপেক্ষা করে তারা বাগেরহাট-মাওয়া মহাসড়ক সড়ক আটকে দেয়। এ সময় এই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এখানে বসে তারা বিক্ষোভ করতে থাকে এবং ফকিরহাট থানার ওসি মো. আনিসুর রহমানসহ যে পুলিশ সদস্যরা শিক্ষক ও শিক্ষার্থীদের লাঞ্ছিত করেছে তাদের অবিলম্বে থানা থেকে প্রত্যাহারের দাবি জানান। পরে পুলিশ তাদের প্রত্যাহার করার আশ্বাস দিলে তারা সড়ক অবরোধ তুলে নেয়।
 
বাগেরহাট মহাসড়ক পুলিশের ওসি মো. আব্দুল মান্নান ফরাজী বলেন, গোপালগঞ্জ থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ফকিরহাট উপজেলা সদরের বিশ্বরোডের মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও ভ্যানকে ধাক্কা দেয়। এতে নারীসহ অন্তত সাতজন আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কলেজ ছাত্রীকে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। এর কছুক্ষণ পর ওবায়দুল নামে আরেকজন মারা যান।