'আমরা ছিটমহলবাসী অনেকদিন ধরে নাগরিক অধিকার না পেয়ে অনেক কষ্টের মধ্যে দিন যাপন করছি। ছিটমহল সমস্যা সমাধানের জন্য ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছেন। তাকে সুমতি দাও যেন আমাদের এই দীর্ঘদিনের সমস্যার সমাধান করে দেন।'- শনিবার বাদ জোহর ডোমার উপজেলা সংলগ্ন বালাপাড়া খাগড়াবাড়ী ছিটমহলের গাইবান্ধাপাড়ায় মিলাদ মাহফিলে এই দোয়া করেন মৌলভী মোহাম্মাদ আব্দুল মজিদ।
'ছিটমহল সমস্যা ৬৮ বছরের। এরপর নানা সরকার এদেশে ক্ষমতায় এসেছেন। কিন্তু এই সমস্যা সমাধান হয়নি বরং সমস্যার বেড়াজাল দীর্ঘ হয়েছে। ছিটমহল সমস্যার সমাধানের চেষ্টা করা হয় ইন্দিরা-মুজিব চুক্তির মাধ্যমে। কিন্তু সেটা শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি।
এরপর অনেক সরকার এসেছেন। কিন্তু সমাধান হয়নি। এবার আবার আশার আলো দেখছেন দীর্ঘদিন অধিকার থেকে বঞ্চিত ছিটমহলবাসী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আসায় বালাপাড়া খাগড়াবাড়ী ছিটমহলের গাইবান্ধাপাড়ায় মিলাদ মাহফিল শেষে দীর্ঘক্ষণ এই কথাগুলো বলেন, গাইবান্ধাপাড়ায় প্রস্তাবিত গাইবান্ধাপাড়া বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলতাফ শেখ।
তিনি আরও বলেন, আজ আমরা অনেক খুশি। কারণ, আমরা মনে করি ছিট সমস্যার সমাধান হবেই। আর আমরা স্বাধীনতা পাবই।
বালাপাড়া খাগড়াবাড়ী ছিটমহলের নাগরিক কমিটির সদস্য আবুল কাশেম বলেন, 'আমরা আন্তরিকভাবে মোদীজীকে ধন্যবাদ জানাই। তিনি এই দীর্ঘদিনের সমস্যা সমাধান করে আমাদেরকে মৌলিক অধিকার ফিরিয়ে দেবেন। তার সাথে ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে । তার পরিশ্রমের ফলে আজ আমরা সুফল পেতে যাচ্ছি।'
