স্মার্টফোন বৃষ্টিতে ভিজলে করণীয়

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ২০:৪৯

শীত শেষে শুরু হয়েছে বসন্ত ঋতু। এখন থেকেই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। কয়েক দিন পরে শুরু হবে বর্ষা ঋতু। আমরা বিভিন্ন কাজের জন্য প্রায়ই ঘরের বাইরে বের হই। অনেক সময় বাইরে বের হওয়ার সময় ছাতা বা রেইনকোট নিতে ভুলে যাই। বিভিন্ন  কাজের জন্য আসা-যাওয়ার পথে হঠাত্ বৃষ্টির কবলে পড়লে সঙ্গে থাকা প্রয়োজনীয় বিভিন্ন জিনিসের সঙ্গে স্মার্টফোনটিও ভিজে যেতে পারে। যেহেতু স্মার্টফোন একটি ইলেকট্রনিক্স ডিভাইস তাই বৃষ্টির পানি এর ভেতরে ঢুকলে নষ্ট হয়ে যাবে। অনেক সাবধানতা অবলম্বনের পরও যদি আপনার স্মার্টফোনটি বৃষ্টির পানিতে ভিজে গিয়ে থাকে তাহলে আপনার যা করণীয় তা নিয়ে সাজানো হয়েছে এ লেখাটি।  লিখেছেন  মাহবুব শরীফ

১

স্মার্টফোনটি যদি বৃষ্টির পানিতে ভিজে যায় তাহলে প্রথমে এটিকে ভালোভাবে মুছে ফেলুন। মনে রাখবেন, ফোনের মধ্যে যত বেশি তরল পদার্থ প্রবেশ করবে ফোনটির মধ্যে থাকা বিভিন্ন স্পেয়ার পার্টস নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তরল পদার্থ বেশি সময় ফোনের মধ্যে থাকলে মোবাইলের মাদারবোর্ড শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মোবাইলটি নষ্ট হলে আপনি অন্য আর একটি মোবাইল কিনে নিতে পারবেন কিন্তু মোবাইলের মধ্যে থাকা বিভিন্ন তথ্য মুছে গেলে সেগুলো আপনি কোথায় পাবেন?

২

ফোনটি চালু করার আগে এটিতে পানি আছে কিনা তা ভালো করে নিশ্চিত করুন। যদি পানি থেকে যায় তাহলে শুকনা কাপড় দিয়ে ভালো করে মুছে নিন। ফোনের ব্যাটারি, সিম কার্ড, মেমোরি কার্ড খুলে তার পর কাপড় দিয়ে পরিষ্কার করুন। এর পর অনেকক্ষণ কাপড়টি পেঁচিয়ে রেখে দিন। ফোনের মধ্যে আর পানি নেই এমনটি নিশ্চিত হলে সেটটি  অন করার চেষ্টা করুন।

৩

সিম কার্ড, মেমোরি কার্ডগুলো ফোন থেকে বাইরে বের করে ফেলুন। সিম ও মেমোরি কার্ডের স্লটগুলোতে পানি জমে থাকার সম্ভাবনা থেকেই যায়। কোনো অবস্থাতেই সিম ও মেমোরি কার্ডের স্লটে পানি আছে কিনা তা পরীক্ষা করতে ভুলবেন না।

৪

অনেকেই স্মার্টফোনের স্ক্রিনে স্ক্রিন গার্ড ব্যবহার করে থাকেন। স্মার্টফোনে পানি প্রবেশ করলে বা কোনো কারণে ফোনটি পানিতে ভিজলে স্ক্রিন গার্ডটি খুলে ফেলুন। টাচ স্ক্রিনের বেলায় স্ক্রিন গার্ডের মধ্যে পানি প্রবেশ করলে টাচ ভালোভাবে কাজ করবে না।

৫

মোবাইলের মধ্যে পানি প্রবেশ করলে অনেকেই তাপ দিয়ে শুকানোর চেষ্টা করে। স্বাভাবিক রোদের তাপে শুকানো যেতে পারে। তবে, হটগান, হেয়ার ড্রাইয়ার বা রান্না করার চুলার মাধ্যমে ফোনে তাপ প্রয়োগ করা যাবে না। মনে রাখতে হবে যে, ফোনের মধ্যে থাকা পার্টসগুলো সোল্ডারিং এর মাধ্যমে আটকানো রয়েছে। সোল্ডারিংয়ের কাজে ব্যবহূত লিডগুলো তাপে গলে যায়। আর এগুলো গলে গেলে পার্টসগুলো খুলে ছড়িয়ে যেতে পারে। আর এতে করে আপনার ফোনটি চিরতরে নষ্ট হয়ে যেতে পারে।

৬

 অল্প রোদের তাপে ফোনটি শুকাতে পারেন তবে তা ভালো করে কাপড় দিয়ে মুছে নেওয়ার পর। এতে করে ফোনের মধ্যে যদি অল্প পরিমাণে পানি থেকেও থাকে তবে তা শুকিয়ে যাবে ।