আগামী অর্থবছরের বাজেট প্রস্তাবের পর প্রথম দিনের লেনদেনে সূচক ও লেনদেন বেড়েছে। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বেড়েছে ৩০ শতাংশ। একই সঙ্গে বেড়েছে সার্বিক মূল্যসূচকও। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন—এবারের বাজেটে পুঁজিবাজারের জন্য বেশ কিছু ইতিবাচক দিক থাকলেও দাবি অনুযায়ী সব পাওয়া যায়নি। তাই সূচক ও লেনদেন বেড়েছে স্বাভাবিক গতিতেই।
তথ্যে দেখা গেছে—রবিবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২৬ বেড়ে ৪ হাজার ৬১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ১০ বেড়ে ১ হাজার ৭৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৪৮ কোটি ৩২ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ১৪৯ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ৩১২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৬টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ারের দর।
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৬৯ বেড়ে ১৪ হাজার ২৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৭৬ কোটি ১৫ লাখ টাকার, যা আগের কার্যদিবসের চেয়ে ২৬ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৪৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের দর।
এ দিকে, কয়েক দিন ধরে টানা শেয়ারের দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ফার্মা। দর বাড়ার কারণ জানতে চেয়ে সিএসইর পাঠানো নোটিসের পরিপ্রেক্ষিতে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।