মিটফোর্ডে ১ ঘণ্টা কর্মচারী বিক্ষোভ, চিকিত্সা ব্যাহত

আপডেট : ০৭ জুন ২০১৫, ১৯:১৮
 
 
কর্মচারীদের বিক্ষোভে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে (মিটফোর্ড) প্রায় ঘণ্টাখানেক চিকিত্সাসেবা ব্যাহত হয়েছে। ভর্তি এবং জরুরি সেবা নিতে আসা অনেক রোগীকে পোহাতে হয়েছে দুর্ভোগ।
 
রবিবার বেলা ১১টা থেকে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মীরা কাজ বন্ধ করে দিয়ে হাসপাতাল চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ করেন। এ সময় হাসপাতালে কয়েকটি ওয়ার্ড ঘুরে কোনো চিকিত্সক ও নার্সের দেখা মেলেনি। কর্মচারীদের আবাসন সমস্যা সমাধান, পোষ্যদের চল্লিশ শতাংশ নিয়োগ, অসুস্থ কর্মচারীদের জন্য হাসপাতালে আলাদা শয্যার ব্যবস্থা করা ও সুইপারদের আবাসিক ভবন না ভাঙার দাবিতে বিক্ষোভের কর্মসূচি ছিল।
 
কর্মচারীদের বিক্ষোভ মিছিলের কারণে সেবা নিতে আসা অনেক রোগী জরুরি বিভাগে ঢুকতে পারেননি। সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়ে রাশেদ নামের এক ব্যক্তি মিছিলের কারণে অনেকক্ষণ জরুরি বিভাগের সামনে দাঁড়িয়ে ছিলেন।
 
রাশেদ জানালেন—কর্মচারীরা মানববন্ধন ও মিছিলের কারণে তিনি ছয় তলায় লেবার ওয়ার্ডে কীভাবে যাবেন বুঝে উঠতে পারছেন না। সেলিনা ও নিশা নামের আরো দুই নারীকেও একই জায়গা স্বজনদের সঙ্গে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
 
রোগীদের দুর্ভোগের বিষেয়ে হাসপাতালে সহকারী পরিচালক আবুল ফজল বলেন—কর্মচারীদের বিক্ষোভের কারণে চিকিত্সা সেবা ব্যাহত হওয়ার কোনো অভিযোগ তিনি পাননি।
 

তৃতীয় শ্রেণি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন জানান—সোমবারও তাদের এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচি আছে। এ ছাড়া, বুধ ও বৃহস্পতিবার দুই ঘণ্টা করে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করবেন তারা।