নারী শিক্ষা ও মাতৃমৃত্যুর হার হ্রাসে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিশু পুষ্টির অগ্রগতি, নারীর ক্ষমতায়ন, বাংলাদেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ও স্পিকার পদে নারীর আসীন থাকার কথাও তিনি উল্লেখ করেন। গতকাল রবিবার সফরের দ্বিতীয় ও শেষ দিন সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেয়া বিশেষ বক্তৃতায় তিনি বাংলাদেশের নারী উন্নয়ন ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করে এসব মন্তব্য করেন।
মোদী বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্য সালমা খাতুন, অলরাউন্ডার সাকিব আল হাসান আর দুই এভারেস্ট জয়ী নারী নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীনের নাম উল্লেখ করেন তার বক্তৃতায়। মোদী বলেন, দরিদ্র পরিবার থেকে উঠে এসে তারা এভারেস্টের উচ্চতা ছুঁচ্ছে। এটাই বাংলাদেশের শক্তি। আর এটা নিয়ে আমিও গর্ব করি। সালমার প্রসঙ্গ উল্লেখ করে মোদী বলেন, ‘আপনাদের নারী ক্রিকেটার সালমা খাতুনের ছবি আমি দেখেছি। এটা নারীর ক্ষমতায়ন আর তারুণ্যের শক্তির প্রমাণ। এটা শুনলে কত গর্বই না হয়।’
তিনি বলেন, বিশ্বে সমৃদ্ধ দেশ নিয়ে অনেক কথা হয়, কিন্তু গরীব দেশ নিয়ে আলোচনা হয় না। বাংলাদেশে বার বার রাজনৈতিক সংকট এসেছে। মুক্তিযুদ্ধ ছাড়াও সংকট এসেছে, আর বাংলাদেশ মোকাবেলা করে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
