কক্সবাজার শহরের নুনিয়ারছড়া থেকে হূদয় মনি নামে ছয় বছরের এক শিশুকে অপহরণের পর হত্যার দায়ে ৩ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। রবিবার দুপুর ১২টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ সাদেকুর ইসলাম তালুকদার এ আদেশ প্রদান করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালে ৪ জুলাই কক্সবাজার শহরের নুনিয়ারছড়া থেকে নুরুল হকের শিশু পুত্র হূদয় মনিকে (৬) অপহরণ করে দুর্বৃত্তরা। এরপর তার বাবার কাছে মোবাইল ফোনে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা দিতে ব্যর্থ হওয়ায় পরদিন ৫ জুলাই হূদয়কে হত্যা করে দুর্বৃত্তরা তার লাশ কক্সবাজার সমুদ্র সৈকতে ফেলে রেখে যায়। এ ঘটনায় নিহত হূদয়ের বাবা নুরুল হক বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় শহরের উত্তর নুনিয়ারছড়ায় বসবাসকারী মিয়ানমার নাগরিক মোঃ আবদুল খালেক ও আবদুস শুক্কুর, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাদামতল কাঞ্চন নগর এলাকার সিরাজ মিয়ার ছেলে বাহাদুর মিয়া ও কক্সবাজার সদরের চৌফলদন্ডী কালুফকির পাড়ার জসীমকে আসামি করা হয়। মামলার প্রক্রিয়া শেষে আদালত গতকাল দুপুরে আসামি আবদুল খালেক, বাহাদুর মিয়া ও আবদুস শুক্কুরকে ফাঁসির আদেশ দেয়। একই সঙ্গে আসামি জসীমকে খালাস প্রদান করে আদালত। নিহত শিশু হূদয়ের বাবা নুরুল হক মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
