চট্টগ্রামে ভুয়া স্ত্রী’র দায়ের করা নারী নির্যাতন মামলায় গ্রেফতার দেখিয়ে অজিত দাশ (৪৫) নামে এক দরিদ্র ব্যক্তিকে কারাগারে আটক রাখা হয়েছে বলে অভিযোগ। অন্যায়ভাবে জমি দখলের উদ্দেশ্যে অমিতা দাশ নামে এক নারীকে স্ত্রী সাজিয়ে প্রভাবশালীরা এই মামলা দায়ের করিয়েছেন।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক মুখলিসুর রহমান ফরহাদী গতকাল রবিবার এ বিষয়ে এক বিবৃতি প্রদান করেন। তারা অভিযোগ করেন, বাদী অমিতা দাশ নগরীর হালিশহর এলাকার যে ঠিকানা ব্যবহার করেছেন উক্ত বাসায় এই নামে গত ২৫ বছরে কোনো ভাড়াটিয়া ছিলেন না। আসামিকে শিক্ষক দেখানো হয়েছে অথচ তিনি পড়ালেখা করেছেন মাত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত। গত ১২ বছর যাবত্ তিনি প্যারালাইসিসে আক্রান্ত। ৪৫ বছরের অজিত দাশকে ৩৫ বছর দেখিয়ে যৌতুকের ৪ ধারায় মামলা দায়ের করে স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে।
এছাড়া চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০ মে’র ভর্তির যে কাগজপত্র আদালতে দাখিল করেছে তাও সম্পূর্ণ জালিয়াতির আশ্রয় নেয়া হয়েছে। ২০ থেকে ২২ মে দুই দিনের মেডিক্যাল ভর্তির যে ছাড়পত্র দেয়া হয়েছে তাও ভুয়া। মামলায় যাদের সাক্ষী দেয়া হয়েছে তাদের উক্ত ঠিকানায় কোনো অস্তিত্ব নেই। অজিত দাশ দুই কন্যা সন্তানের জনক, বড় মেয়ের বিয়ে হয়েছে ৫ বছর। ছোট মেয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ালেখা করে। এলাকার প্রভাবশালী মহল একজন জনপ্রতিনিধির প্রশ্রয়ে ভূমি জবরদখলের অভিপ্রায়ে দরিদ্র অসহায় পরিবারকে মিথ্যা মামলায় হয়রানি করছে।
