‘শুধু অভিনয় নয়, ইন্ডাস্ট্রির উন্নতির জন্য কিছু করতে চাই’

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ২১:০১

নিয়মিত চলচ্চিত্র করছেন ঢাকাই ছবির চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। এ বছরে এরইমধ্যে একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে তার। পরবর্তী ছবি মুক্তির অপেক্ষায় আছে। এছাড়া ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’-এর শুটিং শেষ করেছেন। শুধু তাই নয়, আরো কয়েকটি নতুন ছবি নিয়ে কথা হচ্ছে। সব মিলিয়ে বেশ ভালো একটি সময় যাচ্ছে তার। তবে ছবি নির্মিত হলেও হল সঙ্কটের বিষয়টি বরাবরই সমস্যা। এ প্রসঙ্গে বাপ্পী বলেন, ‘অনেক ধরনের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে চলছে। সেই সমস্যাগুলো আমরা সবাই বোধ করি। এই অবস্থা থেকে আমরা যারা ইন্ডাস্ট্রিতে রয়েছি তাদের সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু অভিনয় নয়, ইন্ডাস্ট্রির উন্নতির জন্য কিছু করতে চাই। আমাদের হল সংখ্যা বাড়ানোটা এখন খুবই প্রয়োজন।’ নতুন কাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘মুক্তির অপেক্ষায় রয়েছে একটি ছবি। এছাড়াও নতুন কয়েকটি কাজ শুরু করবো। ক্যারিয়ারের সময়ের সাথে ভিন্ন চরিত্রে চাহিদা আরো বাড়ে। এবার আমি গল্পের পাশাপাশি চরিত্রের দিকেও নজর দিচ্ছি। কারণ অভিনয়ের ক্ষুধা থেকে আমি এমনকিছু চরিত্রে কাজ করতে চাই যেগুলোতে দর্শকরা আমাকে ভিন্নভাবে দেখবেন।’