চুয়াডাঙ্গায় ভারতীয় কাপড়সহ চালক আটক

আপডেট : ০৮ জুন ২০১৫, ১৬:১৪
চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ এলাকা থেকে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় ২২৯ সেট থ্রি-পিস ভর্তি নীল রঙের একটি ভক্সওয়াগন মোটরকার আটক করেছে। গোয়েন্দা পুলিশ সোমবার দুপুরে ওই গাড়ি থেকে চালকসহ ২ ব্যক্তিকে আটক করে। গাড়িটির মালিক একটি ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক জহির ঠাকুর বলে জানিয়েছে আটক হওয়া চালক পারভেজ।
 
জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে সোমবার বেলা সোয়া ১১টার দিকে ইন্সপেক্টর ফারুকের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল চুয়াডাঙ্গা জেলা শহরের কেদারগঞ্জ এলাকার ইম্প্যাক্ট ফাউন্ডেশনের সামনের রাস্তায় ওঁত পেতে অবস্থান নেয়। ওই সময় ঘটনাস্থলে সীমান্তবর্তী দর্শনা থেকে ছেড়ে আসা ঢাকামুখী নীল রঙের একটি ভক্সওয়াগন গাড়ি (ঢাকা মেট্রো গ ২১-১০৬৫) থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে গোয়েন্দারা। এর এক পর্যায়ে গাড়িটিতে তল্লাশি চালালে ভারতীয় ২২৯ সেট থ্রি-পিস পাওয়া যায়।  
 
একই সঙ্গে গোয়েন্দা পুলিশ সদস্যরা গাড়ি চালক নড়াইল জেলার লোহাগড়া উপজেলার সিকদার সোহরাব উদ্দিনের পুত্র পারভেজ ( ৩৫) ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মৃত আব্দুস সামাদের  ‍পুত্র কামরুল ইসলামকে আটক করে।
 
প্রাথমিক জিজ্ঞাবাদে চালক পারভেজ জানান, গাড়ির মালিক একটি ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক জহির ঠাকুর। তিনি ঢাকায় বসবাস করেন। 
 
আটক হওয়া কামরুল ইসলাম জানান, ৪ হাজার টাকা চুক্তিতে গাড়িটি ভোরে ভাড়া করা হয়। কামরুল আরও জানান, দর্শনা পৌর এলাকার ভাই ভাই ক্লথ স্টোর থেকে তারা থ্রি-পিসগুলি ক্রয় করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। 
 
চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর ফারুক জানান, এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা হয়েছে।