মুরাদনগরে অপহৃত শিশু জিহাদ ২দিনেও উদ্ধার হয়নি

আপডেট : ০৮ জুন ২০১৫, ১৭:৪৭
জেলার মুরাদনগর উপজেলায় দুইদিন পরও দ্বিতীয় শ্রেণীর ছাত্র অপহৃত জিহাদকে (৮) উদ্ধার করতে পারেনি পুলিশ। উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের ফুলকলি কিন্ডার গার্টেন স্কুলের ছাত্র জিহাদ গ্রামের সৌদি প্রবাসী মো. বাবুল মিয়ার ছেলে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুর দুইটার দিকে বাড়ির পাশে পাচঁকিত্তা-রামচন্দ্রপুর সড়কে খেলা করছিল জিহাদ। এ সময় সিএনজি চালিত একটি অটোরিকশায় করে ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তি জিহাদকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় জিহাদের চাচা মো. শহিদ মিয়া বাদী হয়ে ওইদিন সন্ধ্যায় থানায় একটি সাধারন ডায়েরি করেন।
 
জিহাদের স্বজনেরা জানান, পরদিন রবিবার বিকেল চারটায় অপহরনকারীরা জিহাদের বাড়িতে ফোন করে পাচঁ হাজার টাকা চেয়ে একটি বিকাশ নাম্বার দেয়। তারা ওই টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেয়। বিষয়টি তারা মুরাদনগর থানায় জানায়।
 
মুরাদনগর থানা পুলিশের তথ্যের ভিত্তিতে পল্টন থানা পুলিশ অভিযান চালিয়ে রবিবার বিকেল চারটায় অপহরণ চক্রের সদস্য দেলোয়ার নামে একজনকে আটক করে। সোমবার সকালে পল্টন থানা পুলিশ আটককৃত দেলোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য মুরাদনগর থানায় নিয়ে আসে।
 
মুরাদনগর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্কুলছাত্র জিহাদকে উদ্ধারে সর্বাত্বক চেষ্টা চলছে।