বিদেশি বিনিয়োগকারীদের জন্য কর সুবিধা দাবি সিএসইর

আপডেট : ০৮ জুন ২০১৫, ১৮:২১
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি-উল মারুফ মতিন বলেছেন, পুঁজিবাজারে বিনোয়োগ বাড়াতে বিদেশি বিনিয়োগকারীদের কর সুবিধা প্রদান করা দরকার। বিদেশি বিনিয়োগকারীরা আমাদের দেশে বিনিয়োগ করতে আগ্রহী। তাদের কর সুবিধা দিলে বিনিয়োগ বাড়বে। এছাড়া বাজারের স্বার্থে স্টক এক্সচেঞ্জের কর অব্যাহতি দেয়ারও দাবি জানান তিনি। 
আগামী ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়া জানাতে  সোমবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সিএসইর ডিএমডি গোলাম ফারুক।
ওয়লি-উল মারুফ মতিন আরও বলেন, এবারের বাজেট পুঁজিবাজারবান্ধব। করমুক্ত লভ্যাংশের সীমা বাড়ানোর ফলে বিনিয়োগকারীরা লাভবান হবেন। এছাড়াও শেয়ারবাজারের জন্য ইতিবাচক কিছু পদক্ষেপ এবারের বাজেটে নেয়া হয়েছে। তবে বাজেটে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কর সুবিধা ও স্টক এক্সচেঞ্জকে শতভাগ কর মওকুফ করা দরকার ছিল। এসময় তিনি তালিকাভুক্ত কোম্পানির জন্য কর্পোরেট করহার কমানোর সিদ্ধান্তকে ইতিবাচক বলে আখ্যা দেন।