তিন পেসারে অমত স্ট্রিকের

আপডেট : ০৮ জুন ২০১৫, ২২:১১
ভারতের বিরুদ্ধে একমাত্র টেস্টে বাংলাদেশ দুই জনের বেশি বিশেষজ্ঞ পেসার খেলাবে না বলেই ইঙ্গিত দিয়েছেন বোলিং কোচ হিথ স্ট্রিক। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের উইকেটের অতীত আচরণ দেখেই স্ট্রিকের এমন মত। টেস্ট শুরুর আগে ওয়েবসাইট ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন স্ট্রিক। 
 
স্ট্রিকের উদ্ধৃতি দিয়ে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো জানায়, ‘এই উইকেটে আমাদের তিন পেসার নিয়ে খেলার সম্ভাবনা কমই। সম্ভবত আমরা দুইজনের কথা ভাবছি। তবে এটা নির্ভর করছে কোচ ও নির্বাচকদের উপর। উইকেট দেখে তারা সিদ্ধান্ত নেবেন।’
 
তবে মূল পেসার রুবেল হোসেনের চোট থেকে প্রত্যাবর্তনে দারুন খুশি জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক। ৪১ বছর বয়সী স্ট্রিক বলেন, ‘রুবেলের ফেরা অবশ্যই আনন্দের ব্যাপার। সাধারণত এখানকার উইকেট পেস বোলারদের জন্য কিছুটা কঠিন। তাই আমাদেরকে অনেক ধৈর্য্যশীল হতে হবে। ইনজুরিতে পড়ার আগে ভাল ফর্মে ছিল রুবেল। ’
 
পাকিস্তানের বিরুদ্ধে নিজের অভিষেক সিরিজেই দারুন বোলিং করা শহীদের উপরেও বেশ আস্থা টের পাওয়া গেল স্ট্রিকের কন্ঠে। তিনি বলেন, ‘পাকিস্তান সিরিজে শহীদ সত্যিই ভাল বোলিং করেছে এবং প্রমাণ করেছে যে সে পারে। শহীদের উপর আমরা নির্ভর করতে পারি। সে এমন একজন বোলার যার উপর অনেক ওভার বোলিং করার জন্য আমরা নির্ভর করতে পারি, পাকিস্তান সিরিজে আমরা সেটা দেখেছি। মাঠে নেমে অধিনায়ক ফিল্ডিং সাজানোর পরই ভালভাবে বোলিং করতে প্রস্তুত সে। তার বল খেলাটা শীর্ষ ব্যাটসম্যানদের জন্য খুব সহজ নয়। আশা করছি সে আমাদের জন্য এ্যাঙ্করের ভূমিকা পালন করতে পারবে। এক অথবা দুইজন স্পিনারের সঙ্গে সে অনেক ওভার বোলিং করতে পারবে এবং অপর পেসাররা বিকল্প আক্রমণ চালিয়ে যেতে পারবে।’
 
যারা কমপক্ষে তিন হাজার বল ডেলিভারি দিয়েছে তাদের মধ্যে বর্তমানে সবচেয়ে খারাপ ৭৫.৯০ বোলিং গড়ের মালিক রুবেল এবং আনুমানিক ১১৬ বলের বিপরীতে তিনি একটি উইকেট শিকার করেছেন। কিন্তু বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে চার উইকেট শিকার তাকে টেস্ট দলে জায়গা পেতে ভূমিকা রেখেছে।
 
অন্যদিকে, টেস্টে অতিরিক্ত চাপ নিতে পারে- প্রমাণ করেছে শহীদ। নিজের প্রথম দুই টেস্টে সে মোট ৬০ ওভার বোলিং করেছে। যার মধ্যে পাকিস্তানের বিপক্ষে সিরিজে শাহাদাত হোসেন ইনজুরিতে পড়লে দ্বিতীয় টেস্টেই করেছে ৪১ ওভার।
 
ফতুল্লা স্টেডিয়ামে রুবেল এখন পর্যন্ত প্রথম শ্রেণীর কোন ম্যাচ খেলেননি। পক্ষান্তরে দুই ম্যাচে ছয় উইকেট শিকার করেছেন শহীদ। অপর বিকল্প পেসার আবুল হাসান এ মাঠে এক ম্যাচে তিন উইকেট শিকার করেছেন। ক্রিকইনফো/বাসস