প্রাথমিক শিক্ষার উন্নয়নে আরো ১২ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

আপডেট : ০৯ জুন ২০১৫, ০১:০৩

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা উন্নয়নে আরো ১২ কোটি ডলার দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ৬ বছর মেয়াদি প্রাথমিক শিক্ষা বিষয়ক এক প্রোগ্রামের (প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রোগ্রাম) আওতায় বাড়তি এ ঋণ দেয়া হবে। গতকাল সোমবার রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং এডিবির পক্ষে সংস্থার আবাসিক প্রতিনিধি কাজুহিকো হিগুছি চুক্তিতে স্বাক্ষর করেন।

 

প্রাথমিক শিক্ষা উন্নয়নের এ প্রজেক্টে এডিবির প্রাথমিক (চুক্তির সময়) ঋণের পরিমাণ ছিল ৩২ কোটি ডলার। ২০১১ সালে চুক্তির সময়ই বলা ছিল, সঠিকভাবে প্রকল্প বাস্তবায়ন হলে আরো তহবিল পাওয়া যাবে। মধ্যবর্তী পর্যবেক্ষণের উপর ভিত্তি করে অতিরিক্ত ঋণ দেয়ার বিষয়টি নির্ধারিত হবে। মধ্যবর্তী পর্যবেক্ষণে বলা হয়েছে, এ প্রোগ্রামের ফলে স্কুলে অংশগ্রহণের পরিমাণ বেড়েছে, কমেছে স্কুল থেকে ঝরে পড়া শিশুর সংখ্যা। তবে এর প্রভাব নিম্ন শ্রেণির সমাজে তুলনামূলকভাবে কম। মধ্যবর্তী পর্যবেক্ষণের ভিত্তিতেই বাংলাদেশকে আরো ১২ কোটি ডলার ঋণ দেয়া হচ্ছে। এডিবির এ বিশেষ তহবিলের ঋণের ম্যাচিউরিটি কাল ২৫ বছর। প্রাইমারি ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০১৭ সালের জুনের মধ্যে এ প্রোগ্রাম সম্পন্ন করবে। কাজুহিকো হিগুছি চুক্তি অনুষ্ঠানে বলেন, বাংলাদেশের শিশুরা যেন মান সম্পন্ন শিক্ষা পায় সেজন্য এ প্রোগ্রাম পরিচালনা করা হয়। প্রাইমারি শিক্ষা ব্যবস্থায় সব শিশু যেন আসতে পারে এটাই এর মূল উদ্দেশ্য। এক্ষেত্রে এই বাড়তি ১২ কোটি ডলার ইতিবাচক প্রভাব ফেলবে।