গত কয়েক বছর ধরে ইন্টারনেটের নিয়ন্ত্রণ নিয়ে এক ধরনের অলিখিত লড়াই চলে আসছে প্রযুক্তিবিশ্বে। একদিকে প্রযুক্তি কোম্পানি, প্রযুক্তি বিশ্লেষক এবং সাধারণ ইন্টারনেটের ব্যবহারকারীরা স্বাধীন, উন্মুক্ত ও নিরাপদ ইন্টারনেটের পক্ষে ক্রমাতগত নিজেদের অবস্থানকে শক্তিশালী করে তোলার চেষ্টা করে যাচ্ছেন।
অন্যদিকে বিভিন্ন দেশের সরকার, সরকারি সংস্থা এবং বিশেষ কিছু আর্থিক কোম্পানির পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে ইন্টারনেটকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসার জন্য। এই প্রেক্ষিতে এবারে ব্রিটিশ লাইব্রেরির পক্ষ থেকে বিশেষ একটি অনলাইন ভোটিংয়ের আয়োজন করা হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের ১১ থেকে ১৮ বছর বয়সীদের কাছ থেকে তারা ইন্টারনেট বিষয়ে তাদের চাওয়া-পাওয়া জানতে চায়। ‘কেমন ইন্টারনেট চাই’—এই প্রসঙ্গে এই বয়সী কয়েক হাজার কিশোর-তরুণ নিজেদের চাওয়া-পাওয়া জানিয়েছে এই উদ্যোগে। এতে করে প্রায় পাঁচ শ ধারা জমা হয়েছে ব্রিটিশ লাইব্রেরির আর্কাইভে। এবারে তারা এই ধারাগুলোতে ভোটগ্রহণ চালিয়ে যাচ্ছে।
ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা, অনলাইন নিরাপত্তা, অনলাইনের উন্মুক্ততা আর অনলাইনে স্বাধীনতা নিয়েই বেশিরভাগ ধারা জমা পড়েছে ব্রিটিশ লাইব্রেরির এই উদ্যোগে। ১৫ জুন পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ। আর এরপর এখানে সবচেয়ে বেশি ভোট পাওয়া ধারাগুলো প্রকাশ করবে ব্রিটিশ লাইব্রেরি। এতে করে যে ধারার সংকলন তৈরি হবে, তাকে ব্রিটিশ লাইব্রেরি ‘ডিজিটাল যুগের ম্যাগনা কার্টা’ হিসেবে অভিহিত করেছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যেন সবকিছুর ঊর্ধ্বে স্থান না পেতে পারে, তা যেমন নিশ্চিত করেছিল ১২১৫ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক ‘ম্যাগনা কার্টা’ চুক্তি; তেমনি তাদের প্রকাশিত ধারাগুলোও ইন্টারনেটকে মুক্ত ও স্বাধীন রেখে একে সুনির্দিষ্ট কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার নিয়ন্ত্রণ প্রত্যাখ্যান করবে এবং এতে করে মূলত ইন্টারনেট ব্যবহারকারীদের নিজস্ব মতামতের প্রতিফলন পাওয়া যাবে বলেই জানিয়েছে তারা। www.bl.uk/my-digital-rights/vote-now সাইটে গিয়ে অংশ নেওয়া যাবে ব্রিটিশ লাইব্রেরির এই কার্যক্রমে।
