বাজেটে উপেক্ষিত হার্ডওয়্যার খাত : বিসিএস সভাপতি

আপডেট : ০৯ জুন ২০১৫, ০১:৪২
অর্থমন্ত্রী কর্তৃক প্রস্তাবিত বাজেটে সরকারের আইসিটি বিভাগের জন্য ১৩০০ কোটি টাকা বরাদ্দকে ইতিবাচক হিসেবে অভিহিত করলেও এই বাজেটে হার্ডওয়্যার খাত ও আইসিটি অবকাঠামো উন্নয়ন উপেক্ষিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি এএইচএম মাহফুজুল আরিফ।
 
প্রস্তাবিত বাজেটের আনুষ্ঠানিক লিখিত প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি। প্রতিক্রিয়ায় তিনি জানান, তথ্যপ্রযুক্তি খাতে বাজেটে সফটওয়্যার ও সেবা খাতের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ইতিবাচক প্রস্তাবনা থাকলেও হার্ডওয়্যার শিল্পকে বাইরে রেখেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা খাতে প্রণোদনা দেওয়া হয়েছে। চূড়ান্ত বাজেটে তাই তিনি আইটিইএস-এর মধ্যে হার্ডওয়্যার খাতকে অন্তর্ভুক্ত করার দাবি জানান।
 
অনলাইন কেনাকাটায় ৪ শতাংশ কর, ইন্টারনেট ব্যবহারে ১৫ শতাংশ কর ও মোবাইল সেবায় ৫ শতাংশ সম্পূরক শুল্ক ইন্টারনেট ব্যবহারকারীদের নিরুত্সাহিত করবে বিধায় এগুলো তুলে নেওয়ার আহ্বানও জানান তিনি।