লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

আপডেট : ০৯ জুন ২০১৫, ১২:২৬
 
লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে সন্ত্রাসী বাহিনীর ‘বন্দুকযুদ্ধে’ জসিম নামের (৩৯) একজন নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত নয়টার দিকে এই ‘বন্দুকযুদ্ধ’ হয়। পুলিশের দাবি, নিহত জসিম তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। বন্দুকযুদ্ধের সময় গুলিবিদ্ধ অবস্থায় জসিমের দুই সহযোগীকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া সন্ত্রাসীদের গুলিতে তাদের ছয় সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি সদর) জুনায়েত কাউসার এই অভিযানের নেতৃত্ব দেন। তিনি সাংবাদিকদের বলেন, গতকাল রাত ৯টার দিকে সদর উপজেলার দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অপর দুইজন হলেন জসিম বাহিনীর সদস্য বেলজিয়াম সুমন ও দোলেয়ার হোসেন। এদের বিস্তারিত পরিচয় তাত্ক্ষণিকভাবে পাওয়া যায়নি। পাশাপাশি আহত পুলিশ সদস্যদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। এলাকাবাসী জানিয়েছে, বেশ কিছুদিন হল দত্তপাড়ায় সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে গেছে। জসিম ছাড়াও আরো বেশ কয়েকজন সন্ত্রাসী সেখানে অবস্থান করে। সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ সেখানকার মানুষ।

এএসপি কাউসার বলেন, দত্তপাড়া এলাকায় জসিম তার বাহিনী নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতারে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে বাহিনী প্রধান জসিমসহ তিন সন্ত্রাসী গুলিবিদ্ধ হন। একইসঙ্গে পুলিশেরও ৬ সদস্য আহত হন। পরে ঘটনাস্থল থেকে গুলিভর্তি একটি আমেরিকান পিস্তল, একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আহত ব্যক্তিরা লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন বলেও জানান।