বাজেট আরো বেশি কল্যাণধর্মী হওয়া উচিত : রওশন এরশাদ

আপডেট : ০৯ জুন ২০১৫, ১৭:০৪
 
 
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, ২০১৫-২০১৬ অর্থ বৎসরের বাজেটে বেশকিছু জনকল্যাণমুখী দিক নির্দেশনা আছে। তবে বাজেট আরো বেশি কল্যাণধর্মী হওয়া উচিত।
 
মঙ্গলবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে বাজেটত্তোর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
 
রওশন  বলেন, বাজেটে সাধারণ মানুষের কথা আরো বেশি থাকবে হবে। তাদের ভাগ্যোন্নয়নে বাজেট কাজ করে যাবে। সার্বিক দিক বিবেচনা করলে এ বাজেট কতটুকু জনকল্যাণমুখী তা সময়ই বলে দেবে।
 
বিরোধীদলীয় নেতা বলেন, এমন বাজেট জনগণ দেখতে চায় যেখানে সচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা যাবে আর এর ফলেই দুর্নীতি অনেকাংশে কমে যাবে। সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে বাজেট অনেকাংশে বাস্তবায়িত হবে বলেও বিরোধীদলীয় নেতা অভিমত প্রকাশ করেন।
 
রওশন এরশাদ বলেন, প্রস্তাবিত বাজেটে প্রবৃদ্ধির হার ৭% ধরা হয়েছে, কিন্তু এ প্রবৃদ্ধির হার বাস্তাবায়ন করতে হলে বেসরকারি খাতে অবশ্যই বিনিয়োগ বাড়াতে হবে। এ ছাড়া প্রবৃদ্ধির এ সুফল সাধারণ মানুষ পাচ্ছে কিনা তাও সরকারকে দেখতে হবে।
 
এক প্রশ্নের উত্তরে বিরোধীদলীয় নেতা বলেন, বাজেট বাস্তবায়নে রাজনৈতিক স্থিতিশীলতা আবশ্যকীয়। কারণ বাজেট সকল মানুষের জীবনে প্রভাব ফেলে। 
 
অপর এক প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, সরকারি চাকুরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো দেওয়া হলো তা অবশ্যই প্রশংসনীয় তবে এ ক্ষেত্রে সরকারকে দেখতে হবে বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যেন না বাড়ে।
 
বিরোধীদলীয় নেতার বাজেটত্তোর সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী , এ.বি.এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ প্রমুখ।