মুরাদনগরে অপহরণের ৪দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ০৯ জুন ২০১৫, ১৭:১৭
জেলার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর এলাকার ফুলকলি কিন্ডার গার্ডেনের ২য় শ্রেণীর ছাত্র অপহৃত জিহাদ (৮) খুন হয়েছে। অপহরণের চারদিন পর মঙ্গলবার সকালে এ ঘটনায় জড়িত রবিউলের ঘরের পেছন থেকে জিহাদের লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
এ হত্যাকাণ্ডের বিচার চেয়ে এলাকাবাসী থানার সামনে বিক্ষোভ মিছিল করেছে। 
 
জিহাদের স্বজনেরা জানায়, গত শনিবার দুপুর দুইটার দিকে বাড়ির পাশে পাচঁকিত্তা-রামচন্দ্রপুর সড়কে খেলা করছিল জিহাদ। এ সময় সিএনজি চালিত একটি অটোরিকশায় করে ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তি জিহাদকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় জিহাদের চাচা মো. শহিদ মিয়া বাদী হয়ে ওইদিন সন্ধ্যায় থানায় একটি সাধারন ডায়েরি করেন।
 
তারা আরো জানান, পরদিন গত রবিবার বিকেল চারটায় অপহরনকারীরা জিহাদের বাড়িতে ফোন করে পাঁচ হাজার টাকা চেয়ে একটি বিকাশ নাম্বার দেয়। তারা ওই টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেয়। বিষয়টি তারা মুরাদনগর থানায় জানায়। মোবাইল ফোনের সূত্র ধরে স্কুলছাত্র জিহাদকে উদ্ধারের নানা কৌশল চালিয়ে অপহরণকারীদের হোতা রবিউলকে গত রবিবার রাতে ঢাকার কামরাঙ্গীচর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর তার দেয়া তথ্য অনুযায়ী জিহাদের লাশ মঙ্গলবার সকালে তারই ঘরের পেছনে তিতাস নদীর পাড় থেকে  উদ্ধার করে পুলিশ।
 
এ ঘটনায় জড়িত সন্দেহে অপহরণকারী রবিউলের চাচা আ. রহিম মা আমির জাহান ও বোন সালমা বেগমকে আটক করেছে পুলিশ। 
 
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে।