এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলের বাছাইয়ের দ্বিতীয় পর্বে ‘বি’ গ্রুপ হতে ফেভারিট চীন এবং বাংলাদেশ নিজ নিজ দুই খেলায় জিতে আগেই চূড়ান্ত পর্বের টিকিট পেয়ে গেছে। কাল ছিল এই দলের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটনও বলেছিলেন চীনের বিপক্ষে লড়াইটা কঠিন হলেও অসম্ভব না। কোচ ঠিকই বলেছিলেন। কঠিনই হয়েছে। ২৮ মিনিট আটকে রেখেছিলেন চীনকে। এত বড় দলের বিপক্ষে কতক্ষণই বা আটকে রাখা যায়। একটা ভুল হলেই তো সব শেষ। বাংলাদেশ সেই ভুলেই পড়েছিল। আর চীনও ভুলের প্রথম সুযোগটা লুফে নিয়ে কাজে লাগায়। চীন ৩-০ গোলে বাংলাদেশকে হারিয়েছে। প্রথমার্ধে প্রথম ভুলেই গোল হজম করেছে। ২৮ মিনিটে গোলকিপার রূপনা চাকমা নিচু ক্রসের বল ধরতে পারেননি। বলের ওপর ঝাঁপালেও বল ধরার সুযোগ নিতে পারত। রক্ষণভাগের খেলোয়াড় ছিল না। চীনের দাইশিনইয়াও গোল করেন ফাঁকায়। চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা পারবে না সেটা দেখা গেল চীনের সুঠাম দেহের খেলোয়াড়দের দেখে। বাংলাদেশের একমাত্র ফুটবলার ডিফেন্ডার আঁখী খাতুন লম্বা। মাপলে দেখা যাবে আঁঁখীর চেয়ে খানিকটা লম্বা চীনের খেলোয়াড়রা। যেন একটু একটু করে তৈরি করা হয়েছে চীনা ফুটবলারদের। ১৬ বছর বয়সী এই সব ফুটবলার চীনের লম্বা পথের যাত্রী। বাংলার মেয়েরা ভালো খেললেও চীনের শারীরিক সামর্থ্যের কাছেও নেই। পারিবারিক ভাবেও তারা সেভাবে না গড়ে উঠার ঘাটতি থাকেই। যে কারণে এই সবক্ষেত্রে বাংলাদেশের ফুটবলাররা উন্নত দেশের খেলোয়াড়দের সঙ্গে পেরে উঠছে না।
চীনের বিপক্ষে ট্যাকটিক্যাল গেম খেলতে চেয়েছিল বাংলাদেশ। প্রথমার্ধটা সেভাবে খেললেও গোলকিপার রূপনার ভুলে দ্বিতীয়ার্ধেও আরও পিছিয়ে যায়। ৪৬ মিনিটে সাওঝি কিন গোল করেন ২-০, ৫৩ মিনিটে ওয়ানসিং লিন গোল করেন ৩-০। মিয়ানমারে খেলা শেষে কোচ ছোটন জানিয়েছেন প্রথমার্ধে আমার নির্দেশনা পুরোপুরি মানার চেষ্টা করেছেন মেয়েরা। কিন্তু দ্বিতীয়ার্ধে রূপনার ভুলের জন্য পিছিয়ে পড়ি। যাই হোক শেষ পর্যন্ত মেয়েরা তাদের সামর্থ্যের মধ্যে চেষ্টা করেছে।’
বাংলাদেশ প্রথম পর্বের বাছাইয়ে ঢাকায় ৪ ম্যাচ খেলেছিল। জিতেছিল সব কয়টিতে। সেই ধারাবাহিকতায় দুই গ্রুপের বাছাই মিলে ৭ ম্যাচের মধ্যে সপ্তম ম্যাচে হারের মুখ দেখল মারিয়া মান্ডা, তহুরা, আনাই মগিনিরা। বাংলাদেশ ফেভারিট চীনের বিপক্ষে হেরে রানার্সআপ হয়েছে। অন্য গ্রুপের খেলা লাওসে শুরু হয়েছে। সেখান হতে ২ দল চূড়ান্ত পর্বে উঠবে।
বাছাইয়ের দুই গ্রুপ হতে ৪ দল এবং দুই কোরিয়া, জাপান ও থাইল্যান্ড, ৮ দল নিয়ে চূড়ান্ত পর্ব থাইল্যান্ডে।
