প্রেমের সম্পর্ক গড়ে অপহরণ: তিন নারীসহ গ্রেপ্তার ৮

আপডেট : ০৯ জুন ২০১৫, ১৮:০২
জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের তিন নারীসহ আট সদস্যকে গ্রেপ্তার করেছে (র‌্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান। তাদের কাছ থেকে মুক্তিপণ বাবদ আদায় করা নগদ ২৮ হাজার টাকা উদ্ধার হয়েছে।  গ্রেপ্তারকৃতরা হলেন, ফতুল্লার আব্দুল হালিম, সোনারগাঁওয়ের রঞ্জিতা ও আব্দুল হক, কুমিল্লার তানিয়া, সিদ্ধিরগঞ্জের তারেক, মুন্সিগঞ্জের রানা, সিদ্ধিরগঞ্জের জসিমউদ্দিন ও একই এলাকার সালাহউদ্দিন। 
 
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে র‌্যাব-১১’র প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। 
 
র‌্যাব-১১ এর কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল আনোয়ার লতিফ খান জানান, চক্রটি দীর্ঘদিন ধরে তাদের নারী সদস্যদের মাধ্যমে মোবাইল ফোনে প্রেমের ফাঁদ পেতে ব্যবসায়ী ও বিত্তশালী ব্যক্তিদের সাথে সম্পর্ক গড়ে তোলে। পরে দেখা করার নামে তাদেরকে ডেকে এনে অপহরণ করে আটকে রেখে বিকাশের মাধ্যমে মোটা অংকের মুক্তিপণ আদায় করে থাকে। র‌্যাবের কাছে নিয়মিত এ ধরণের লিখিত অভিযোগ আসছিল। সোমবার রাতে র‌্যাবের একটি বিশেষ দল মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান সনাক্ত করে সিদ্ধিরগঞ্জের চৌধুরিবাড়ি তাঁতখানা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে এই চক্রের সদস্য তানিয়াকে মুক্তিপণের টাকাসহ গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী অন্যান্য সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জবানবন্দীতে তারা এসব ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে।