মানিকগঞ্জে কলেজ ছাত্রকে হত্যার অভিযোগ

আপডেট : ০৯ জুন ২০১৫, ১৮:১০
জেলার হরিরামপুর উপজেলায় নাঈম মিয়া (২০) নামের এক কলেজ ছাত্রকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার বাহিরচর কবরস্থানের পাশে ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নাঈম বাহিরচর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় বিচারপতি নুরুল ইসলাম ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। 
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত আটটার দিকে স্থানীয় মুদি দোকানদার গালিভ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়ি ফিরেনি।সকালে বাড়ির অদূরে ধান ক্ষেতে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। 
 
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, যুবকের গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।